খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩০ই জানুয়ারি ২০২৫, ৬:৩০ পিএম
ফরিদপুরের সদরপুরে পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
পুলিশের কাছ থেকে যে ব্যক্তিকে ছিনিয়ে নেয়া হয়েছে তার নাম ফারুক হোসেন বাকু (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা। সদরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ফারুক হোসেন আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন।

এ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য সদরপুর থানার এসআই কাজী রাসেল ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। ওই সময় ফারুক হোসেন অসুস্থ হয়ে পড়ার ভান করলে রাত ৮টার দিকে এসআই হাদিউজ্জামান দুই কনস্টেবল নিয়ে ফারুককে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় ২৫/৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট গাড়িতে করে সটকে পড়ে।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান বলেন, ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য ইনজেকশন দেয়ার উদ্যোগ নেওয়া হলে তিনি তা নিতে অস্বীকার করেন। নিজে অন্য কোথাও চিকিৎসা নেয়ার কথা বলে চলে যাওয়ার উদ্যোগ নেন।
এসআই হাদিউজ্জামান বলেন, ওই সময় ২৫/৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেটকারে উঠিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। ২৫/৩০ জন লোক এ ঘটনা ঘটায়, তাদের বাধা দেওয়ার সামর্থ তিন সদস্যের ওই পুলিশ দলের ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, ফারুককে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলারও প্রস্তুতি চলছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য