ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

 

নিহতরা নড়াইল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার ছেলে উৎস মোল্লা (১৮)।

 

 

পুলিশ ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার কয়েকজন কলেজ শিক্ষার্থী মিলে কুয়াকাটা ভ্রমণের উদ্দেশে যান। সেখান থেকে রোববার সকালে তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে মোটরসাইকেলটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীসহ রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত এবং আরেকজনকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুইজনই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়। একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ধারণা করা হচ্ছে, মহাসড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে তারা। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment